সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা ছাত্রদলের, গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা ছাত্রদলের, গাড়ি ভা ঙ চু র
বিএনপি ডাকা টানা তিনদিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা। রাত ৮টার দিকে হঠাৎ করে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দক্ষিণ সুরমার অতিরবাড়ী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে গাছের টুকরো ফেলে তাতে আগুন ধরিয়ে অবরোধ করার চেষ্টা করেন।
এসময় তারা একটি বাস ও কয়েকটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রদল নেতাকর্মীরা সটকে পড়ে। এসময় ঘটনাস্থলের দুপাশে কিছুক্ষণ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আফসানের নেতৃত্বে এ অবরোধের চেষ্টা চালানো হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) সিলেটভিউ-কে বলেন- আমরা সবসময়ই মাঠে আছি। রাত ৮টার দিকে হঠাৎ অতিরবাড়িতে কয়েকজন নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গেলে নাশকতার চেষ্টাকারীরা পালিয়ে যায়, তাই কাউকে আটক করা যায়নি। মানুষের জান-মালের নিরাপত্তায় আমরা সর্বক্ষণ প্রস্তুত রয়েছি।
জনতার আওয়াজ/আ আ