সিসিকের উদ্যোগে সম্মানী পেলেন ইমাম-মুয়াজ্জিনরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৬, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৬, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট নগরীর শারদা স্মৃতি ভবনে সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে। নগরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির জন্য আধুনিক বিনোদন পার্ক স্থাপন করা হবে এবং সুপেয় পানির সমস্যাও সমাধান করা হবে। পাশাপাশি সিলেট থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করা হবে।
মন্ত্রী বলেন, আমরা এমন একজনকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছি, যার ওপর দেশের প্রধানমন্ত্রী আস্থাশীল। তার নেতৃত্বে আগামীতে সিলেট সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
ইমাম-মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, তাদের উন্নয়নে সরকার দুটি লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যক্তিগত খেয়ালখুশির কারণে যাতে ইমামদের চাকরি না হয় কিংবা চাকরি হারাতে না হয়, সে জন্য একটি বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনরা যাতে ৪-৬ সদস্যের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সেভাবে সম্মানী নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সব উন্নয়ন কাজের স্থানীয় তদারকি কমিটিতে ইমামদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে উন্নয়ন কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইমাম-মুয়াজ্জিনরা যে সম্মানী পান তা অপ্রতুল, তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের পক্ষ থেকে তাদের জন্য সামান্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য। ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তাদের জন্য সরকারি তহবিল থেকে সম্মানী প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তাদের চাকরি সুরক্ষায় বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
অনুষ্ঠানে সিলেট নগরের ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম ও ১ হাজার ২০১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়।
জনতার আওয়াজ/আ আ