সোনারগাঁয়ে তিন দিনব্যাপী বউমেলা শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে তিন দিনব্যাপী বউমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন দিনব্যাপী বউমেলা শুরু হয়েছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতিবছর ঐতিহাসিক বউ মেলা বসে। গতকাল শনিবার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পহেলা বৈশাখের পরদিন এ মেলা বসে। প্রায় দুইশ বছরের আদি বটবৃক্ষের নিচে এ মেলাকে সনাতন ধর্মালম্বীর অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা ও বটবৃক্ষকে সিদ্ধেশরী দেবী বলে আখ্যায়িত করেন। পুরানো এ বটবৃক্ষকে কেন্দ্র করে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এ বউ মেলা। 

বৈশাখের ২য় দিন থেকে এ বউমেলা শনিবার থেকে শুরু হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধেশ্বরী বটতলার পদতলে (সনাতন) হিন্দু সম্প্রাদায়ের শত শত নর-নারীরা পহেলা বৈশাখের এ পূজায় অংশগ্রহণ করেন। তবে এবারে রমজান মাস হওয়ায় মেলার আয়োজন ও পরিধি ছিল কম।স্থানীয় সনাতন ধর্মালম্বীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পুণ্যের দেবতা। তাই সনাতন সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে সুপরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারাবছর অপেক্ষায় থাকে সিদ্ধেশ্বরী কালী তলার এ বউ মেলার জন্য। এ বিশ্বাসেই এখানে বউ মেলা অনুষ্ঠিত হয়। তাই সনাতন ধর্মাবলম্বী নারীরা সারাবছর অপেক্ষায় থাকে এ মেলার জন্য। রেকাবি ভরা বৈশাখি ফলের ভোগ নিয়ে দলে দলে সনাতন নারীরা হাজির হয় বউ মেলায়। পাশাপাশি দেবতার সন্তুষ্টির জন্য কবুতর উড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয় বৃক্ষ দেবতার পদতলে। স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারাবছর সুখ শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন এই কামনাতেই পূজার আয়োজন করে হিন্দু নারীরা।

আজ সকাল থেকে রমণীর কলহাস্য ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে বটতলার বউ মেলা। এ মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশ নারী হলেও পুরুষরাও এ মেলায় অংশগ্রহণ করে তবে সংখ্যায় কম। রমণীরা হাতের রিকাবীতে তরমুজ, কাঁঠাল, কলা আম, শশা, বাঙ্গিসহ মৌসুমী ফল নিয়ে লাইন ধরে বটবৃক্ষ তলে ভোগ দিয়ে পূজা আর্চনা করেন। মৌসুমী ফলের স্তুপ পড়ে যায় বট তলায়। ফল দিয়ে পূজা অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদরূপে বিতরণ করা হয়।

পহেলা বৈশাখের পরদিন শনিবার পূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয় ৩ দিনব্যাপী বউমেলা। মেলায় পূজা অর্চনা ছাড়াও বউ মেলায় বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। এ বউ মেলায় দারু ও মৃৎশিল্পীদের তৈয়ারী নানা রংঙের নানা বর্ণের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মণ্ডা মিঠাইয়ের দোকান বসে। বিভিন্ন মনোহারি জিনিস পত্রের পসরা নিয়ে বসে মেলায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ