সোনারগাঁয়ে ২০ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী ফাতেমা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ২ মার্চ সোনারগাঁ থানায় একটি মামলা করলেও উদ্ধার হয়নি তার মেয়ে।
পুলিশ বলছে, তারা মামলাটির তদন্ত করছেন এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অপহরণের শিকার ফাতেমা (১৪) উপজেলার কাঁচপুর ইউনিয়নের তাজ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার পিতা কাঁচপুরের কলাপট্টি এলাকার বাসিন্দা কুটি মিয়ার অভিযোগ, তার মেয়ে ফাতেমা গত ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে নয়টায় বাসা থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বেলা ১১টার দিকে খবর পান মেয়ে স্কুলে পৌঁছায়নি। এরপর বিভিন্ন স্থানে মেয়েকে খোঁজাখুজি করার পর জানতে পারেন, কাঁচপুর মসজিদ মার্কেটের কাপড়ের দোকানের কর্মচারী আরমান (২২) একটি সিএনজিতে তুলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।
কুটি মিয়া বলেন, আমি এলাকায় পিঠা বিক্রি করি। খুবই অসহায় দিনযাপন হয় আমার। আমার মেয়ে ছোট, তাকে অপহরণ করা হয়েছে প্রায় মাস হতে চললো কিন্তু পুলিশ কোন সন্ধান দিতে পারছে না।
অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মোতালিব বলেন, পুলিশ অপহরণের শিকার কিশোরীকে উদ্ধারের চেষ্টা করছে। একইসাথে আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
জনতার আওয়াজ/আ আ