সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় চলতি মাসের পুরো বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে চৈতি কম্পোজিটের শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ফলে ভোগান্তিতে পড়েন ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার, পরিদর্শক তদন্ত জামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিতে চাইলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলার টিপুরদী এলাকায় চৈতি কম্পোজিটের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এতে মহাসড়কের টিপুরদী থেকে মেঘনা টোলপ্লাজা ও অপরদিকে মদনপুর পর্যন্ত ৮ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে মহা সড়ক থেকে সরানোর প্রচেষ্ঠা চালায়। তবে,বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছাড়তে অপরাগতা প্রকাশ করলে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, এপ্রিল মাসের বকেয়াসহ চলতি মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। তাদের ভাষ্য, কারখানা মালিকপক্ষ পুরো বেতন দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষোভে আন্দোলন শুরু করেছেন। তবে এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করলেও মে মাসের বেতন পুরো না দিয়ে প্রত্যেক শ্রমিককে ৬ হাজার টাকা করে প্রদান করে। বাকি টাকা ঈদের পর দেবেন বলে জানিয়েছেন।
চৈতি কম্পোজিটের জিএম মিজানুর রহমান বলেন, শ্রমিকরা অযুক্তিক দাবি করেছেন। তারপরও তাদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের সাথে চলতি মাসের বেতন থেকে ৬ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছে। তারা চলতি মাস শেষ না হতেই পুরো মাসের বেতন চাচ্ছেন। তারপরও বিষয়টি আমরা বিবেচনা করবো।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোল প্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে। কোনো গুলি চালানো হয়নি। বর্তমানে গাড়ি চলাচল করছে।
জনতার আওয়াজ/আ আ