স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি : দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি : দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

 

গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে ক্ষমতাসীনদের বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি।

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ কথা বলা হয় বলে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৈঠকে বলা হয়, বর্তমান অনির্বাচিত সরকারের, দুঃশাসন দুর্নীতি এবং রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কারণেই আজ সারাদেশের মানুষ তাদের ভোটাধিকারের দাবিতে, কর্মসংস্থান, ন্যায় বিচারের দাবিতে ফুঁসে উঠছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের পদত্যাগে সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে জনগণের দাবি মেনে নিতে।

উদ্ভূত খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক দুর্ভিক্ষের আশংকা প্রকাশ করার পর জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় খাদ্যের মূল্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে সরকারের দুর্নীতির কারণে সৃষ্ট ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অবিলম্বে খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করবে। এই সংকটের সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।

বৈঠকে আরও বলা হয়, বিএনপির আয়োজিত বিভাগীয় সমাবেশ বিশেষ করে ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের অবৈধ মন্ত্রী ও নেতাদের দায়িত্বহীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে গণসমাবেশকে নস্যাৎ করার হীন চক্রান্ত। ঢাকার গণসমাবেশ চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটি বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের সকল হীন চক্রান্তকে ব্যর্থ করে সকল স্তরের জনগণ তাদের ন্যায্য দাবিতে সমবেত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হবে। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলে জনগণ কখনই তা মেনে নেবে না।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে ৩৪ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং শান্তিপূর্ণ চলমান গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়া এবং পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিএনপির ঘোষিত বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিক কর্মসূচিতে ফরিদপুর বিভাগের গণসমাবেশ সর্বাত্মক সফল করার জন্য জনগণ, ফরিদপুর বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ