স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে ভিকারুননিসার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

 

ধানমন্ডিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকেরাও।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে ধানমন্ডি ৮ নম্বরের স্কুল শাখা থেকে মিছিল নিয়ে বেরিয়ে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে অবস্থান নেন তারা।

এ সময় ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এই ঘটনায় মিরপুর সড়কের এক পাশে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

বিক্ষোভে অংশ নেয়া অভিভাবক নাফিজা সুলতানা বলেন, ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছে। সে জন্য ছাত্রী ও অভিভাবকেরা রাস্তায় নেমেছে।

কুলসুম নাহার নামের এক শিক্ষার্থী বলেন, ‘সাবেক অধ্যক্ষ ফওজিয়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন। কিন্তু বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই সেটা বাতিল করে দেন। এরপর ধানমন্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়। জমির বিষয়ে আমরা জেনেছি, রাঘব বোয়াল একটা কোম্পানি এরই মধ্যে বায়না করেছে। সে কারণে আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।’

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার গণমাধ্যমকে বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানাননি। আপাতত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব না। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এত টাকা নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ