হাতিয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৩৫ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতিয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৩৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, তমরদ্দি ঘাটকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের দ্বন্দ্ব চলে আসছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভিড় করছিলেন। এ সময় আলমগীরের অনুসারীদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হন যাদের মধ্যে ২৫ জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হামলায় আহত তাঁতি দলের তমরদ্দি ইউনিয়নের সভাপতি মো. শাহেদ জানান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের ঈদ পুনর্মিলনী কর্মসূচিতে আমরা ১ নম্বর খিরিদিয়া ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা রওনা হয়েছিলাম। হঠাৎ করে আমাদের মিছিলের পেছন দিয়ে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। এ সময় আমিসহ আমাদের প্রায় ৩৫ নেতাকর্মী আহত হন। হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী।

হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, হাতিয়া উপজেলায় কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী-সমর্থকদের অনুষ্ঠানের আসার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ চালানো হয়। এতে আমার অনেক নেতাকর্মী আহত হয়।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের খবর শুনেছি। তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে হামলায় আহতদের দেখতে রাত পৌনে ১১টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সেখানে আহতদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেখানে চিকিৎসাধীন সব রোগীর খোঁজখবর নিয়েছি। এখানে সংঘর্ষে বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ