হাদির বিচার নিয়ে টালবাহানা করলে চট্টগ্রাম বিচ্ছিন্ন করে দেব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদির বিচার নিয়ে টালবাহানা করলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা এ হুঁশিয়ারি দেন।
এতে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন।
মিছিল উত্তর সমাবেশে ‘জুলাই ঐক্য’ চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, তাড়াহুড়ো করে হাদি হত্যা মামলার একটা চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে ভুল তথ্য দিয়েছে। চার্জশিটের ভুলগুলো আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা তুলে ধরেছেন। মূল আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করে গ্রেফতার ও বিচার করতে হবে। না হয় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ইন্টেরিম কি আমাদের সঙ্গে টালবাহানা করছে? এ চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, যদি আপনারা টালবাহানা করতেই থাকেন, তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার টালবাহানা শুরু করে দিয়েছে। হাদি হত্যার বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইন্টেরিমকে অপসারণে আন্দোলন করা হবে।
জনতার আওয়াজ/আ আ