হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকী ছবি

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

ইসির তথ্য বলছে, ২০২৫ সালের ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সে হিসাবে নতুন তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন। ভোটার বৃদ্ধির হার প্রায় শূন্য দশমিক ০৫ শতাংশ।

এর আগে গত ১২ এপ্রিল ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছিলেন, ১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য যাচাই-বাছাই শেষে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২০ এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরে ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ৬ মে পর্যন্ত নিষ্পত্তি শেষে ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ