হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশের মালিকানা বুঝে নিতে রাজপথে কোটি ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ অব্যাহত রেখেছে কোটি কোটি ছাত্র-জনতা। রবিবার সকাল থেকে রাজধানী ঢাকা এবং এর বাইরে বিভিন্ন জেলায় রাজপথে ছাত্র-জনতার ঢল নেমেছে। বিক্ষোভকারীরা স্বৈরাচার সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত এক কিলোমিটারে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন: নাহিদ
সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে হামলা হলে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উসকানি দিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার প্রোপাগান্ডা চালাইছে। দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।”
নাহিদ বলেন, “আবারো পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র-নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে৷”
তিনি বলেন, “আপনারা ১ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন।”
মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত
মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন। তার বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।
বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।
শাহবাগে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া দিলেন আন্দোলনকারীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা।
সকালে সাড়ে ১০টার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা।
সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন। আগুন দেয়া হয়েছে পরীবাগ ওভারব্রিজের নিচে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় যায় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
আওয়ামী লীগের নেতা–কর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ে সামনে অবস্থান করলে তাদের ধাওয়া দেওয়া হয়। একপর্যায়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।
মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষ, নিহত ২
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে হাজারো বিক্ষোভকারী
চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে সকাল থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সকাল ৯টা থেকেই তারা ওই এলাকায় জড়ো হতে থাকেন।
এক পর্যায়ে সহস্রাধিক মানুষ নিউমার্কেটে চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ। এজন্য তারা নিউমার্কেটের আশপাশে মাইক স্থাপন করলেও আন্দোলনকারীরা সেগুলো ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশেপাশে পুলিশ বেশ সতর্ক অবস্থানে আছে। বেলা ১২টা পর্যন্ত আন্দোলনকারীদের কোন বাধা দেয়া হয়নি।
এ সময় বিক্ষোভকারীরা নিহতের ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।
রংপুরে আওয়ামী লীগের এমপির বাসায় আগুন
রংপুরের বদরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়েছেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একত্রিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক) ও পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরীর (টুটুল) বাসায় আগুন দিয়েছে। দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারী লাঠি হাতে ওই দুই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছে।
জনতার আওয়াজ/আ আ