১১ লাখের বেশি বৃক্ষরোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে। সেনাবাহিনী শুধু বৃক্ষরোপণ করে না, বৃক্ষগুলো সংরক্ষণ করে, যত্ন করে এবং এর ফলে সেনানিবাসগুলোতে বৃক্ষয় পরিপূর্ণ থাকে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সেনাপ্রধান গাছের চারা রোপণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ দেশের সব সেনানিবাসে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযোগী স্থানগুলোতেও ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বনজ সম্পদ সমৃদ্ধ করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোই এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ