দক্ষতা-নিষ্ঠার সঙ্গে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দক্ষতা-নিষ্ঠার সঙ্গে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে। গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে। স্মার্ট পল্লী গঠনে দরকার স্মার্ট কর্মকর্তা। পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিআরডিবির সম্মেলন কক্ষে বিআরডিবির সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) কাজ করার আহ্বান জানিয়েছেন মো. আব্দুল ওয়াদুদ।

তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ছিল সমবায়ের মাধ্যমে সমন্বিতভাবে পল্লী উন্নয়ন করা। এই লক্ষ্যকে সামনে রেখেই পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের অন্যতম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ পল্লী গড়ে তোলা।

আব্দুল ওয়াদুদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিআরডিবি কৃষিতে উন্নত বীজ সরবরাহ ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যম কৃষি উৎপাদনে অসাধারণ ভূমিকা রেখেছে। এ বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই বিশাল সাফল্যের নেপথ্যেও রয়েছে বিআরডিবি’র অনন্য অবদান।

বিআরডিবির মহাপরিচালক আ: গাফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজসহ বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ