এলাকায় এমপি বাহাউদ্দিন, না ছাড়লে কিছুই করার নেই: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এলাকায় এমপি বাহাউদ্দিন, না ছাড়লে কিছুই করার নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১২, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নির্বাচন কমিশন (ইসি) চিঠি দেওয়ার পরও এলাকা ছাড়েননি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। তিনি এলাকা না ছাড়লে ইসির কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (১২ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক নির্বাচন কমিশনার ও ইসির সাবেক সচিব-অতিরিক্ত সচিবদের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি।
কুমিল্লা নির্বাচনে আপনাদের চিঠি বাস্তবায়ন হয়নি, এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের আচরণবিধিতে বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এলাকায় থাকবেন না, থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা প্রচার চালাবেন না। কুমিল্লার সংসদ সদস্য তেমনটা করছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা কিন্তু আমাদের এখান থেকে তাকে চিঠি দিয়ে বলেছি, এলাকা ত্যাগ করার জন্য। তিনি ত্যাগ করেননি। শুনেছি, তিনি আদালতে মামলা করেছেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের আচরণ বিধিমালাতে এটা আছে, যদি সরে থাকেন তাহলে নির্বাচনটা ভালো হয়। সেই চিঠি আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই যথেষ্ট একজন সংসদ সদস্যের জন্য, সেটা সম্মান করা। যদি তিনি সম্মান না করেন, তাহলে সেখানে আমাদের তেমন কিছু করার নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ