আত্মসমর্পণের পর বিএনপি নেতা সোহেল কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

রাজধানীর পল্টন থানার দুই ও নিউমার্কেট থানার এক মামলায় সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নিউমার্কেট থানায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত বছরে এ মামলায় তাকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়।
সোহেলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, হাবিব-উন-নবী খান সোহেলকে পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছর ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। ওই তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবর মাসে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এ দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
জনতার আওয়াজ/আ আ