সেদিন বেশি দূরে নয়, আমরাই বিজয়ী হবো : রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১০, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১০, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে।’
আজ মিরপুর শেওড়াপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক।
বিএনপির এ নেতা আরো বলেন, আর এক দিন পর ঈদ বাংলাদেশের ঘরে ঘরে কোনো ঈদের আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কিভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না। লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না। সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।
তিনি বলেন, দেশের মানুষ মরল না বাঁচল তাতে ক্ষমতাসীনদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা। তিনি বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশের ৯৭ ভাগ জনগণ ভোট কেন্দ্রে যায়নি। একটি দেশ ছাড়া বিশ্ববাসীও এ অবৈধ সরকারের ভোটকে সমর্থন দেয়নি। সুতরাং সেদিন বেশি দূরে নয় আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হবো, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে।
জনতার আওয়াজ/আ আ