বঞ্চিত মেহনতি-শ্রমিকই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে: এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঞ্চিত মেহনতি-শ্রমিকই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনসমর্থনহীন বর্তমান সরকারের প্রধানতম নির্যাতনের শিকার শ্রমজীবী মানুষ, বঞ্চিত মেহনতি-শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদীদের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

বুধবার (১ মে) মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা থেকে এই হুঁশিয়ারি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই থেকে ১ মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের আধিকার ফিরে পায়নি।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সহকারী সদস্য সচিব ও শ্রমিক নেত্রী বেবি পাঠান প্রমুখ।

শিমুল বিশ্বাস বলেন, বিবিএসের হিসাব অনুযায়ী দেশের প্রায় সাড়ে ৭ কোটি মানুষ শ্রমজীবী। আর এই শ্রমজীবী মানুষদের নিয়ে আমাদের কাজ করতে হবে। পৃথিবীর বহু শক্তি বাংলা দখল করে আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা করেছে। কিন্তু দিনশেষে আমরা লড়াই করে স্বাধীন হয়েছি। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনেও যেভাবে আমাদের জনগণের অধিকার দখল করা হয়েছে, সেই দখলও আমরা আন্দোলন করে মুক্ত করবো ইনশাআল্লাহ। দেশের অর্থনীতি গড়ে তুলেছে দেশের সাড়ে ৭ কোটি শ্রমজীবী মানুষ।

তিনি বলেন, কোনো আন্দোলনে যখন, ছাত্র, যুবক আর শ্রমিকরা অংশ নেয় সেই— আন্দোলন ব্যর্থ হয় না। তাই এই দখলদার সরকারের পতন আন্দোলনে এদেশের ছাত্র, যুব ও শ্রমিকরা নেমে আসবেন এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবেন।

সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, দেশের অধিকাংশ মানুষই শ্রমিক। কারণ সবাই কাজ করে উপার্জন করেন। কিছু মানুষ আছে যাদের কাজ করে উপার্জন করতে হয় না, তারা জনগণের টাকা লুটপাট করে আরাম আয়েশে জীবনযাপন করছে। আজকের এই শ্রমিক দিবসে সেই সমস্ত লুটেরাদের প্রতি আমরা ঘৃনা জানাই। এই লুটেরারা শুধু সম্পদ আর টাকা পয়সা লুট করেই ক্ষান্ত হয়নি; তারা এখন জনগণের ভোট আর ভাতের অধিকারও কেড়ে নিয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ