ডিএনিসিসির আয়োজনে তিন দিনের বর্জ্য প্রদর্শনী শুরু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএনিসিসির আয়োজনে তিন দিনের বর্জ্য প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের ৩ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১১ মে) গুলশানে ডিএনিসিসির নগরভবনের সামনে এ আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এই প্রদর্শনী দেখতে রাজধানীর বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষার্থীরা এসেছেন। তাদের ঘুরে ঘুরে এসব বর্জ্য দেখাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।

সরেজমিনে এই প্রদর্শনীতে দেখা গেছে, বিভিন্ন খালের নামে পোস্টার টাঙিয়ে রাখা হয়েছে। সেই খাল থেকে বর্জ্য হিসেবে যা যা পাওয়া গেছে তা সারিবদ্ধ করে রাখা হয়েছে।

খালে পাওয়া এসব বর্জ্যের মধ্যে রয়েছে পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমেড, ফুলের টব, রিকশার অংশ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাসিকের বিভিন্ন পাত্রসহ নানান কিছু। এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের ৩দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেন সবাই এই আয়োজনের মাধ্যমে সচেতন হয়। খালে এসব জিনিস যেন কেউ আর না ফেলে।

এদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আরেকটি অভিনব উদ্যোগ নিয়েছে ডিএনসিসি, যা বর্তমানে চলমান রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব পরিত্যক্ত দ্রব্য জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ওয়ার্ডের ক্রয় করা পরিত্যক্ত দ্রব্য প্রতিদিন নিয়মিতভাবে সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীরা নিকটবর্তী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন)-এ অপসারণ করবে। জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

কোন পরিত্যক্ত দ্রব্যতে কত টাকা পর্যন্ত দেবে সে বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেটপ্রতি ১০০টির জন্য ১০০ টাকা করে মূল্য দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একইভাবে আইসক্রিমের কাপ, ডিসপোজেবলব গ্লাস, কাপ ১০০টির ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ৫০ টাকা, প্রতি ডাবের খোসা ২ টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ইত্যাদির পাত্র প্রতিটির জন্য ৩ টাকা করে দেবে ডিএনসিসি।

এ ছাড়া পরিত্যক্ত টায়ার প্রতিটি ৫০ টাকা, পরিত্যক্ত কমোড, বেসিন ইত্যাদি প্রতিটির জন্য ১০০ টাকা, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্য প্রতি কেজি ১০ টাকায় কিনে নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ