সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহায় পেতে চান সেলিম প্রধানের পরিবার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহায় পেতে চান সেলিম প্রধানের পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৭, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৭, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা সাওঘাট এলাকার সংঘবদ্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের অন্যায়, অবিচার ও হাত থেকে রেহায় পেতে চান সেই এলাকার সেলিম প্রধানের পরিবার।

সোমবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে জাপান- বাংলাদেশ গ্রুপের কর্ণধার সেলিম প্রধান ও তার পরিবারবর্গ।

সংবাদ সম্মেলনে সেলিম প্রধানের স্ত্রী আনা প্রসভেতোভা বলেন, ঘটনার সময় তিন সন্তানকে নিয়ে খুবই আতঙ্কে ছিলাম। দীর্ঘ সময় সন্ত্রাসীরা আমাদের বাসায় আক্রমণ চালায়। যা খুবই দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যেন দ্রুত ওই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে সেলিম প্রধান বলেন, আমার বাড়িতে যে হামলা হয়েছে তাতে আমার পরিবার আতঙ্কিত। সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়ারও পরিকল্পনা করেছে।

হামলার ঘটনার তিনদিন পার হবার পরও কোন মামলা হয়নি উল্লেখ করে সেলিম প্রধান বলেন, আমরা মামলার জন্য কয়েকবার থানায় কথা বলেছি। আমার স্ত্রী রাশিয়ান এম্বাসির সঙ্গে আলাপ করেছে। এম্বাসি থেকে থানায় মামলা করতে বলেছে। থানায় মামলা নেবার জন্য প্রশাসনকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু দুখের বিষয় হচ্ছে আজকে তিনদিন পার হয়ে গেল, তবে কোন মামলা নেয়া হয়নি ও কাউকে গ্রেফতার করা হয়নি।

সেলিম প্রধান বলেন, এই ঘটনার পর থেকে আমার স্ত্রী খুবই আতঙ্কিত। আমার বাচ্চাদের অবস্থাও ভাল নেই। এই সন্ত্রাসী বাহিনী প্রথমে সকাল ৭ টায় হামলা শুরু করে। পরে আবার দুপুর ৩ টায় হামলা চালায়। দিনে দুপুরে দফায় দফায় এমন হামলা এদেশে কখনই কাম্য নয়। সরকারের প্রতি আহবান থাকবে, এই ঘটনার এমন এক দৃষ্টান্ত তৈরি করুক যাতে বাংলাদেশের কোথাও এমন ঘটনা যেন না ঘটে৷

তিনি বলেন, রূপগঞ্জের সংসদ সদস্যের কাছে অনুরোধ করব আপনি প্রশাসনকে বলুন এই ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে।

রুপগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই উল্লেখ করে সেলিম প্রধান বলেন, আমার সাথে আমার বাড়িতে তারা যা করেছে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে তা চিন্তা করুন। বাংলাদেশে কোথাও কোন ঘটনা না ঘটলেও রুপগঞ্জে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটছে।

রুপগঞ্জে সাধারণ মানুষের অধিকার একেবারে শূন্যের কোঠায় উল্লেখ করে সেলিম প্রধান বলেন, রুপগঞ্জে এসবের বিষয়ে কেউ প্রতিবাদ করলে কেউ শান্তিতে থাকতে পারেনা। তারা বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়। প্রশাসনের প্রতি আহবান থাকবে আসুন আমরা এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করি। তাহলেই রুপগঞ্জকে পরিবর্তন করতে পারব। প্রশাসন সহযোগী করলে এটা সম্ভব হবে।

রুপগঞ্জে বেশ কিছু বাহিনী সক্রিয় আছে উল্লেখ করে সেলিম প্রধান বলেন, রূপগঞ্জের বর্তমান উপজেলা চেয়ারম্যান বালু হাবিব এর আপন ছোট ভাইয়ে বাহিনীর নাম ‘আজাবর’ বাহিনী। আরেক বাহিনী হচ্ছে ‘ইমরান’ বাহিনী। এরা রুপগঞ্জে কেউ না। এরা সিনামাকেও হার মানাবে। এসকল বাহিনী রুপগঞ্জে ওপেন মাদকের ব্যবসা করে। এরা রুপগঞ্জকে একপ্রকার ক্রাইম জোনে পরিণত করেছে। আমি সকলকে বলতে চাই আপনারা কেউ এদের ভয় পাবেন না। এটা আমাদের দেশ।

সেলিম প্রধান বলেন, রুপগঞ্জের উপজেলা চেয়ারম্যান বালু হাবিব রুপগঞ্জকে এক ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে। গেল শুক্রবার আমার বাড়িতে যে হামলা হয়েছে তা এর সব থেকে বড় প্রমাণ। সে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে এরেস্ট করা হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে রূপগঞ্জের সকলেই চেনে।

বালু হাবিবের প্রতি প্রশ্ন সেলিম প্রধান বলেন, এত টাকা সে কোথায় পেল। নির্বাচনের হলফ নামায় সে যে সম্পত্তির হিসেব দিয়েছে, তা বাস্তব সম্মত নয়।

দেশের এমন পরিস্থিতি দেখলে বিদেশী কেউ এদেশে বিনিয়োগ করতে চাইবে না উল্লেখ করে সেলিম প্রধান বলেন, বর্তমান সরকার ফরেন ইনভেস্টমেন্টের জন্য নানা জায়গায় দৌড়াদৌড়ি করছে। আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি, আমার জাপানের অনেক বন্ধু বাংলাদেশ ইনভেস্ট করতে চায়। কিন্তু এধরণের পরিস্থিতি দেখে কেউ দেশে ইনভেস্ট করতে চাইবে না। পাশাপাশি রুপগঞ্জে জাইকার ইন্ডাসট্রিয়াল পার্ক হচ্ছে। আমি সরকারের কাছে আবেদন জানাই এই ঘটনার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্ত তৈরি করতে হবে। যাতে বিদেশীরা মনে করেন বাংলাদেশ কোন ক্রিমিনাল কান্ট্রি না, এটা শান্তিপ্রিয় দেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ