চাহিদাকে সামনে রেখে মশলার বাজারে আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাহিদাকে সামনে রেখে মশলার বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে প্রায় সব মশলার দাম। বাজেটে ভোগ্য পণ্য আমদানিতে উৎস কর ১ শতাংশ কমানোর প্রস্তাব করা হলেও ভোগ্য পণ্য, বিশেষত মসলার দাম উল্টো বাড়ছে। মধ্যম আয়ের মানুষেরা মশলা কিনতেই হিমশিম খাচ্ছেন।

গত এক মাসের ব্যবধানে মসলা জাতীয় পণ্য পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, জিরা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচসহ প্রায় সব ধরনের মসলা পণ্যের দাম বেড়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে তিন-চার মাস আগে থেকেই মসলা আমদানি শুরু করেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। এতে বর্তমানে বাজারে মসলাজাতীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এর পরও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ঈদের এক মাস আগে থেকে বাড়তে শুরু করেছে মসলাজাতীয় পণ্যের দাম।

ব্যবসায়ীদের মতে, ডলারের দর বেড়ে যাওয়া, এলসি খুলতে অনীহা ও সরবরাহ ঘাটতির কারণে কোরবানির আগেই অস্থির মসলার বাজার।

তবে ভোক্তারা বলছেন, সরকার দাম বাড়ালে মিনিটের মধ্যে কার্যকর হয়। আর দাম কমালে দিনের পর দিন তা কার্যকর হয় না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে মসলা আমদানি হয়েছে প্রায় তিন হাজার ৮৫২ কোটি টাকার। এর আগের (২০২২-২৩) অর্থবছরে আমদানি হয় তিন হাজার ২০০ কোটি টাকার। অর্থাৎ চলতি বছর এরই মধ্যে সাড়ে ৬০০ কোটি টাকার বেশি মসলা আমদানি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজারদর প্রতিবেদনে দেখা গেছে, এক মাস আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি করা হয় ৬৫০ থেকে ৮৫০ টাকায়। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকায়। এক মাস আগে এলাচ বিক্রি করা হয় তিন হাজার থেকে তিন হাজার ৮০০ টাকায়, দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে তিন হাজার ২০০ থেকে চার হাজার ২০০ টাকায়। এক মাস আগে দারচিনি বিক্রি করা হয়েছিল ৫০০ থেকে ৬০০ টাকায়, এখন বিক্রি করা হচ্ছে ৫২০ থেকে ৫৮০ টাকায়।

ঈদকে ঘিরে প্রতি কেজি লবঙ্গ বিক্রি করা হচ্ছে এক হাজার ৬৮০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায়, যা এক মাস আগে ছিল এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ