খালেদা জিয়া আ’লীগ সরকারের প্রতিহিংসার শিকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৯, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। বেগম জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আওয়ামী লীগ ভয় পায়। সে কারণে রাজনীতি, নির্বাচন এমনকি দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে আওয়ামী লীগের কারসাজি চলছে।
শুক্রবার (২৮ জুন) রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এ সব কথা বলেন।
বিএনপির নতুন এ যুগ্ম মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জুলাই (সোমবার) ময়মনসিংহ মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের সবস্তরের নেতা-কর্মীদের প্রতি আগামী সোমবার বিকেল ৩ টায় নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশ সফল করার আহ্বান জানান।
যৌথ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ