কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৭, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

 

ববি প্রতিনিধি

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

রবিবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে ববি গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সভা শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এসময় ববির চার আবাসিক হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে দুই পাশে শতশত যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তৃতা দেন— ববি শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তাই আমরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল সময়ের দাবি। যদি কোটা পদ্ধতি বাতিল না হয় তবে সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হবে। তাই বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, মহাসড়কে অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত: এর আগে সারাদেশের সঙ্গে একযোগে সোমবার বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেছিলেন ববি শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ