অপরাজনীতির কারণে রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়ছে : স্বপন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরাজনীতির কারণে রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়ছে : স্বপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৮, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, অপরাজনীতির কারণে রাষ্ট্রটাই জনগণের হাতছাড়া হয়ে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় পচন ধরে গেছে, এটা গণবিরোধী শাসনব্যবস্থা। এই শাসনব্যবস্থা আমাদের জাতীয়তাবাদকে আর বিকশিত করতে পারবে না।

সোমবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রে সফররত শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দলীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেএসডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বপন বলেন, জাতীয়তাবাদকে বিশ্বের অন্যান্য জাতি সত্ত্বার সমকক্ষ করতে, বাংলাদেশকে বাঙালির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন রাজনৈতিক দর্শন-অংশীদারত্বের গণতন্ত্র প্রবর্তন করা অনিবার্য হয়ে পড়েছে। এই রাজনৈতিক দর্শনের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান। আর ঔপনিবেশিক শাসন ব্যবস্থা উচ্ছেদ করে জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়নে আ স ম আবদুর রব দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য-সংস্কৃতিসহ জীবনের সব ক্ষেত্রে জাতিসত্ত্বার উচ্চতর বিকাশের সম্ভাবনা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। পেশা ও কর্মভিত্তিক বাঙালি জাতিত্বের পরিচয় আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বৈশ্বিক রাজনীতির মাঝেও বাঙালি গৌরবের সঙ্গে থাকবে তার স্বকীয় সামাজিক-সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে, এটাই হবে মূল রাজনীতি।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর জাতীয়তাবাদী শক্তি নয়, জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব নয়। যুগের চাহিদা ও উপযোগী রাজনৈতিক দর্শন ছাড়া কোনো রাজনীতি টিকতে পারে না। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের উপযোগী রাজনীতি হচ্ছে অংশীদারত্বের গণতন্ত্র। এই নতুন রাজনৈতিক মডেল জাতীয় ঐক্য সুদৃঢ় করবে, গণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করবে, জনগণের সব অংশকে রাষ্ট্র পরিচালনায় দক্ষ করে তুলবে এবং সর্বোপরি আন্তর্জাতিক মেরুকরণে শক্তিশালী ও মর্যাদাকর ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ জেএসডি নেতা মোহাম্মদ এনামুল হায়দার। তিনি সিরাজুল আলম খান দাদার ‘অংশীদারত্ব গণতন্ত্র’ প্রতিষ্ঠার রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। জেএসডি নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র জেএসডির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা ছেলামত উল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টার, সরোয়ার হোসেন, এম এ মালেক, তছলিম উদ্দিন খান, এম জাকির হোসেন স্বপন, কাজী বাদল, শাহানারা হোসেন ডেইজি, আরজু হাজারী, মোহসিনুর রহমান খান সবুজ, মোহাম্মদ ফারুক, ফরিদ উদ্দিন রতন প্রমুখ।

যুক্তরাষ্ট্র জেএসডির কমিটি পুনর্গঠিত সভার দ্বিতীয় পর্বে মোহাম্মদ এনামুল হায়দারকে আহ্বায়ক এবং শামসুদ্দিন আহমেদ শামীম, জাকির হোসেন স্বপন, তসলিম উদ্দিন খান ও আরজু হাজারীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্র জেএসডির সাংগঠনিক কমিটি পুনর্গঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ