বিএনপির কর্মসূচি: নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কাল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কর্মসূচি: নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল বুধবার সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় যুগপৎ আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলসমূহ আগামীকাল বাদ জোহর বায়াতুল মোকাররম মসজিদে বাদ জোহর গায়েবানা জানাজায় অংশ নেবে। একই সঙ্গে আমরা সারাদেশে এই কর্মসূচিটা অর্থাৎ গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য যুগপৎ আন্দোলনে থাকা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‘এই ঘটনার দায় সরকার ও সরকারি দলের’

যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর একটি যৌথ ঘোষণা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমরা মনে করি, এই সমুদয় ঘটনার পুরো দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলের। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে। ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনার নামে দেওয়া হয়েছে তা গত দুইদিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে।”

তিনি বলেন, ‘আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই, দমন-পীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা লক্ষ্য করেছি, এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সশ্বস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। আমরা ২৪ ঘণ্টার মধ্যে এই সব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

যৌথ ঘোষণা বলা হয়, ‘আজ পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সশ্বস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহত আহত ও পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে অনেক সাংবাদিক আহত ও নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

একই সাথে অবিলম্বে কোটা আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবানের পাশাপাশি শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত দাবিতে দেশাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সম্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমূখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

দেশের পরিস্থিতি ও পরবর্তি করণীয় ঠিক করতে বিএনপির নেতারা গত পাঁচ দিনে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএ, এলডিপি, গণঅধিকার পরিষদের দুই অংশ, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের সাথে আলাদা আলাদা বৈঠক করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ