ঢাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির রুম ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির রুম ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফ রহমান হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের রুম দখল নিয়ে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তার রুম ভাঙচুরের সময় সেখানে তিনি ছিলেন না।

বুধবার (১৭ জুলাই) ঢাবির এফ রহমান হলে গিয়ে এ চিত্র দেখা গেছে। এছাড়াও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রুমেও ভাঙচুর চালানো হয়েছে।

এরইমধ্যে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সকালে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়ে যান ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন।

এদিকে ঢাবির সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুংকার দিয়েছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। কিন্তু আজ আমরা মনে করি যে, আন্দোলনকে কন্ট্রোল করছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তারা। তাদের হাতেই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে।

সাদ্দাম বলেন, এ জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি (কোটা সংস্কার আন্দোলন) মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এটি মোকাবিলা করার জন্য। যারা আজও বাংলাদেশে থেকেও ‘আমি রাজাকার’ বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখিয়েই বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ