বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ পুলিশ উদ্ধারে এলো হেলিকপ্টার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা তিনটার কিছু আগে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ ছররা গুলি ও রাবার বুলেট ছুড়ে। এতে আহত হয়েছে অনেকে।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে ঢুকে পড়েন। পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন। এরপর খবর পেয়ে র্যাব এসে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে। কুড়িল থেকে রামপুরা সড়ক এখন শিক্ষার্থীদের দখলে রয়েছে।
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বাড্ডা-রামপুরা ছাড়াও রাজধানীর মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। সারাদেশ থেকেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ছাত্রবিক্ষোভ, সড়ক-মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রাতে শনির আখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক ঘুরে অন্তত ২০টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ