কারফিউর মেয়াদ বাড়লো, অফিসের জন্য নতুন সময়সূচী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কারফিউ’র মেয়াদ বাড়লো আরো দু’দিন। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সরকার।
প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে বাংলাদেশ। গত শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।
তবে গত তিনদিন কারফিউর কারণে বাংলাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বুধবার ও বৃহস্পতিবার অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে ফায়ার সার্ভিস, হাসপাতালের মতো জরুরি সেবা এই অফিস সময়সূচীর বাইরে থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবারের জন্য এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় কারফিউ’র সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীসহ এই চার জেলায়, আগামী দুইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি।
বাকি জেলাগুলোর ক্ষেত্রে কারফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
সূত্রঃ বিবিসি বাংলা
জনতার আওয়াজ/আ আ