নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আজ। দলটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন।
রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অনুবিভাগ উপযুক্ত কারণসহ ফাইল মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকে। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্রে ফেরত পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে ফাইল প্রধানমন্ত্রীর কাছেও পাঠিয়ে থাকে। কোনো দল নিষিদ্ধের প্রস্তাবে সব জায়গা থেকে ইতিবাচক মতামত এলে শেষে জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনতার আওয়াজ/আ আ