সবাইকে হাইকোর্ট ছেড়ে যেতে অনুরোধ করছে সেনাবাহিনী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবাইকে হাইকোর্ট ছেড়ে যেতে অনুরোধ করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান— এমন তথ্য জানানোর পর হাইকোর্ট এলাকা থেকে আন্দোলনকারী সবাইকে সরে যেতে অনুরোধ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের পর থেকে সবাইকে সরে যেতে অনুরোধ করেন তারা।

এসময় সেনাবাহিনীর সদস্যরা মাইকে বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্যই এ আন্দোলন করছেন। প্রধান বিচারপতি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনারা এখন এ জায়গা থেকে সরে যান। এতো ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটাতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে ও আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।

এর আগে শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য স্লোগান দেন।

শিক্ষার্থীরা স্লোগানে বলছেন— ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘দফা এক দাবি এক, বিচারপতির পদত্যাগ’; ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘শেখ হাসিনার দালালি, চলবে না চলবে না’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো, প্রতিরোধ করবো। এজন্য সবাই রাজপথে নেমে আসুন।

এর আগে সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। পরে এটি স্থগিত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ