শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুক-ই-আজম। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে সই করেন নতুন উপদেষ্টা।
এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রবিবার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে পৌঁছেছেন।
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
জনতার আওয়াজ/আ আ