সাগর হত্যাকারিদের বিচার দাবিতে মসিক ভবনে তালা ঝুলিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাগর হত্যাকারিদের বিচার দাবিতে মসিক ভবনে তালা ঝুলিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) প্রধান ফটকে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রেজোয়ান হোসেন সাগরের (১৭) হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভকারিরা মেয়র ও কাউন্সিলরদের কক্ষেও তালা লাগিয়ে দেয়।

রোববার (১৮ আগষ্ট) বিকাল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মসিকের একাধিক কর্মকর্তা।

এ ঘটনায় মসিকের ভেতরে-বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত ৫ আগষ্টের পর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু আত্মগোপনে থাকলেও আজ ১৮ আগষ্ট সকালে তিনি করপোরেশনে এসেছেন, এমন খবরে বৈষম্যবিরোধী আন্দোলনকারি একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মসিকে যায়। এ সময় তারা মেয়রকে তাঁর কক্ষে না পেয়ে কাউন্সিলরদের কক্ষে প্রবেশ করে এবং মেয়রকে অফিস না করতে উপস্থিত কাউন্সিলরদের বার্তা দেন। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর অবস্থানের যাওয়ার ঘোষনা দেন। এ সময় উপস্থিত কাউডিন্সলরবৃন্দ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) সাথে কথা বলার অনুরোধ জানান। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারিদের সাথে নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মসিকে প্রবেশ করে। এ সময় তারা মেয়রকে না পেয়ে তাঁর কক্ষসহ কাউন্সিলরদের কক্ষেও তালা লাগিয়ে দেয়।

পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারিরা জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভুঞার সাথে দেখা করে অবিলম্বে সাগর হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে এদিন সকালে একই ইস্যুতে সদর উপজেলা পরিষদে অবস্থান নিয়ে সাগর হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান আবু সাঈদকে বিচারের আওতায় আনতে কঠোর বার্তা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, এটি নির্বাচিত পরিষদ। আমরা চাইলেও কোন পদক্ষেপ নিতে পারি না। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এ সময় উপজেলা পরিষদের প্রধান কর্মকর্তা (সিও) নাজমুন নাহারসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, গোকূল সূত্রধর মানিক, আরিফুল হক, আব্দুল্লাহ আল মামুন নাকিব প্রমূখ।

শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, কলেজ শিক্ষার্থী সাগর হত্যায় আওয়ামীলীগের জনপ্রতিনিধিরা সরাসরি জড়িত। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর পদক্ষেপ গ্রহনে বাধ্য হবে।

এই বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, স্বৈরাচারের দোসর ও সাগর হত্যাকারিদের বরদাস্ত করা হবে না। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ