দীপুর মনির ফাঁসির দাবিতে শুয়ে পড়েন রাস্তায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক দোকানিকে হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও সাধারণ মানুষ।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। আদালত দীপু মনির চার দিন ও জয়ের পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন। যদিও আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় কয়েকজন আইনজীবী দীপু মনির গায়ে থাপ্পড় ও কিল-ঘুষি দেন।
এদিকে দীপু মনি ও জয়কে আদালতে হাজির করাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিএনপিপন্থি আইনজীবীসহ সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে অবস্থান নেন।
দীপু ও জয়কে যখন সিএমএম আদালতের গেট দিয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল, তখন একজন ব্যক্তি রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তিনি দীপু মনির ফাঁসির দাবি করেন। পরে সেখান থেকে উঠে যান। তাদের নিয়ে গাড়ি চলে যায় সিএমএম আদালতের হাজতখানায়।
বেলা পৌনে ৪টার দিকে তাদের এজলাসে তোলার জন্য হাজতখানা থেকে নিয়ে আসা হয়। তাদের মাথায় হেলমেট পরা ছিল। আইনজীবীদের বিক্ষোভের মুখে তাদের এজলাসে তুলতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। অনেক ধাক্কাধাক্কি করে তাদের আদালতের দ্বিতীয় তলায় তোলা হয়। এ সময় কয়েকজন আইনজীবী দীপু মনিকে থাপ্পড় মারেন। পরে তাদের এজলাসে তোলা হয়।
এদিকে ক্লান্ত দীপু মনি আদালতে এসে পুলিশ সদস্যদের কাছে পানি পান করতে চান। তবে আদালতের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাকে আর পানি খেতে দেওয়া হয়নি।
শুনানির শুরুতে আসামিকে কেন হাতকড়া পরানো হয়নি, তা নিয়ে ক্ষোভ জানান বিএনপিপন্থি আইনজীবীরা। তখন তাদের জানানো হয়, জয়ের হাতে হাতকড়া আছে। দীপু মনি নারী হওয়ায় তার হাতে হাতকড়া পরানো হয়নি। এজলাসে আইনজীবীদের হই-হুল্লোড়ের মধ্যেই শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।
জনতার আওয়াজ/আ আ