ফ্যাসিস্টদের আবার ক্ষমতায় আনবেন, তা হবে না: ফরহাদ মজহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্টদের আবার ক্ষমতায় আনবেন, তা হবে না: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের নামে, বিভিন্ন কাহিনী কেচ্ছা বলে ফ্যাসিস্টদের ক্ষমতায় আনবেন তা হবে না।

সোমবার (২৬ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বদেশ আয়োজিত ‘বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা’ দ্রুত বিচার আইনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই প্রতিপাদ্যে শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আপনারা দ্রুত বিচার চান, আমিও চাই। কিন্তু দ্রুত শব্দটা বিপদজনক। দ্রুত বিচারের চেয়ে আমাদের বেশি প্রয়োজন ন্যায়বিচার চাওয়া। দ্রুত বিচার করেন কিন্তু, ন্যায়বিচার করেন। আমরা সত্যটা জানতে চাই। মাইকেল চাকমা বা আমাকে যারা উঠিয়ে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে আমরা তা জানতে চাই। সত্যটা জানার পরে আমি তাদের ক্ষমা করে দিতে চাই। কারণ আমরা দেশটাকে আবার গড়তে চাই।

আমাদের যাদের গুম করে নিয়ে যাওয়া হয়েছে তারা কোথায়? তারা কী মরলো….? তাদের কোথায় কবর দিছো? দয়া করে আমাদের কবরটা দেখাও। আমরা আর কী চাই? আমাদের আর কী চাইবার আছে?

গতকাল আনসারদের নিয়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের কাছে গোয়েন্দা তথ্য নাই; গতকাল আনসারদের যে ঘটনা ঘটলো, গোয়েন্দারা কোথায় ছিল? এতো দেরি কেন? সকাল থেকেই তো তারা (আনসার) ঘেরাও করে ছিল, গেট আটকে ছিল। আমার প্রশ্ন, আপনারা তখন কোথায় ছিলেন? আমি আনসারদেরকে দোষ দিবো না। আমি বারবার বলছি, আনসারদের সাথে ছাত্রদের কোন বিরোধ আমরা বাংলাদেশে চাই না। আনসাররা আমাদের ভাই, এবং তারা গতকাল যে ঘটনা ঘটিয়েছে সেটা বাধ্য হয়ে করেছে। আমাদের ব্যর্থতার কারণে হয়েছে। এই আনসারদেরকে আমাদের কয়দিন পর লাগবে। যদি গতকালের পর আনসারদেরকে আবার প্রতিবিপ্লবে ব্যবহৃত হয়, তাহলে আপনারা নিষিদ্ধ হবেন।

তিনি বলেন, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, বাম, ডান সকলেই তো বাংলাদেশ। একটাকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না। আমাদের ঐক্য লাগবে, শক্তিশালী ঐক্য লাগবে। ও হচ্ছে ইসলামপন্থী, ও হচ্ছে বিএনপি, ও হচ্ছে বিএনপি বিরোধী, এরা বাম, ওরা ডান, ও হচ্ছে হিন্দু এগুলো আমরা করতে পারবো না। এটা করার আমাদের সময় নাই; প্রত্যেকে জনগণের অংশ। জনগণ মানে কী…যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আর যারা ফ্যাসিস্ট তারা কিন্তু জনগণের অংশ না, খুব পরিস্কার। তাদেরকে বিভিন্ন ছুঁতায় এই নির্বাচনের নামে, বিভিন্ন কাহিনী কেচ্ছা বলে আবার আপনারা ফ্যাসিস্টদের ক্ষমতায় আনবেন, তা হবে না। তাদের জন্য একটা কাউন্সিল করা দরকার। ট্রুথ এন্ড জাস্টিস দরকার। আমরা ন্যায়বিচার চাই।

ফরহাদ মজহার বলেন, দিল্লি কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লী নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না। এটা ভাববেন না যে, তারা আপনাদেরকে তুলে তুলো করে বুকে জড়িয়ে নিবে। যদি এর থেকে আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্র গঠন আগে, সরকার গঠন পরে। কিন্তু সরকার আমরা অবশ্যই গঠন করব। আমাদের সামনে দু’রকম নির্বাচন আছে। একটি নির্বাচন হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন। আরেকটি হচ্ছে গঠনতন্ত্র প্রণীত হবার পরে সরকার নির্বাচন। তাই রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে সরকারের নির্বাচন পর্যন্ত। আর গঠনতন্ত্র প্রণয়নের কাউন্সিল বা নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে। জনগণ কি ধরনের রাষ্ট্র চায় এ আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর শুনতে হবে। এই সোনার মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ গঠন করতে চাই, আমাদের যে অভিপ্রায় আছে, যারা এই বাংলাদেশ করার জন্য শহীদ হয়েছেন। তাদের যে স্বপ্নের বাংলাদেশ, তা তৈরি করতে হবে।

কবি ফরহাদ মজহার বলেন, আমাদের সঙ্গে যা হয়ে গেছে, এর তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি নাই। যে কারণে আমাদের এখানে একটার পর একটা প্রতি বিপ্লব হচ্ছে। যা গতকাল আনসার সদস্যদের মাধ্যমেও হতে চেয়েছিল।

সভায় আরো উপস্থিত ছিলেন, টেকসই উন্নয়ন বিষয়ক লেখক ও গ্রন্থকার ফয়েজ আহমেদ তৈয়ব, বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম প্রেসিডেন্ট মীর্জা ওয়ালিদ হোসেইন, যুগ্ম সচিব শহীদ বখতিয়ার আলম, সাবেক সচিব রফিকুল ইসলাম সরকারসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ