বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল- তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজশাহী বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন বলে বিএনপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে এই সভা করছেন তিনি। এর আগে বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা ধরে রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য নির্দেশনা দেন তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ