সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় এ মামলা করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে, শুক্রবার বিকেলে তাকে সিএমএম আদালতে নেয়া হয়। এ সময় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় মোতালিব।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় শাজাহান খান ২৩ নম্বর আসামি।
জনতার আওয়াজ/আ আ