ফুলগাজীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মির্জা আলমগীর এর নিন্দা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফুলগাজীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মির্জা আলমগীর এর নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৬:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৬:০৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আগামীকাল ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলার দৌলতপুরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ত্রাণ বিতরণ কর্মসূচিকে সফল করতে শান্তিপূর্ণ প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে ফুলগাজী উপজেলা বিএনপি’র কার্যালয়ে আজ নৃশংস হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন, যুবদল নেতা দিদার এবং মোতালেব সহ ১৫ জনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পূণরায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আওয়ামী সন্ত্রাসীদের এধরণের ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনার অংশ হিসেবেই ফুলগাজী উপজেলা বিএনপি’র কার্যালয়ে নৃশংস হামলা চালায় আওয়ামী গুন্ডাবাহিনী। পুরো দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে এখন দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী। শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে।
আওয়ামী ক্যাডার’রা আজ ফুলগাজী উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। আসলে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং হরণকৃত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না।
আগামীকাল ফুলগাজীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ত্রাণ বিতরণ কর্মসূচিকে সফল করতে সেখানে আজকের শান্তিপূর্ণ প্রস্তুতি সভায় আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদেরকে গুরুতর আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ