শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা ঊর্মিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি
শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও ছাত্র-জনতার অভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। নয়তো ‘উত্তরবঙ্গ বক্লেড ও লংমার্চ টু লালমনিরহাট’ কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন তারা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, ঊর্মির বহিষ্কার করতে হবে, সাঈদ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হাসিনার দোসরা, হুঁশিয়ার সাবধান.. ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন>> নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলেন সেই ঊর্মি
শিক্ষার্থীরা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদসহ শহীদদেরকে যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই; আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে সেটি আমরা মেনে নেব না। আমরা তার স্থায়ী চাকরিচ্যুত ও বহিষ্কার চাই। নতুবা আমরা কঠোর অবস্থান নেব। আমরা ‘উত্তরবঙ্গ বক্লেড ও লংমার্চ টু লালমনিরহাট’ কর্মসূচি ঘোষণা করব।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তা নাহলে একজন মানুষ কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিলে এমন পোস্ট দিতে পারে। এই ধরনের পোস্টকে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে। এটা ষড়যন্ত্রমূলক পোস্ট।
জনতার আওয়াজ/আ আ