কাঙ্খিত পরিবর্তন দেখা যাচ্ছে না: মান্না - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাঙ্খিত পরিবর্তন দেখা যাচ্ছে না: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে জনগণ পরিবর্তন আশা করলেও কাঙ্খিত পরিবর্তন দেখা যাচ্ছে না জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গায়ের জোরে গুন্ডামি করে রাজনীতি হয় না এটাই জুলাই গণ-অভ্যূত্থানের শিক্ষা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত দলটিতে এক যোগদান সভায় এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের রায়ের সঙ্গে যদি না যান, তাহলে কোন আপস না। চাঁদাবাজি, দখলবাজী যারা শুরু করেছেন তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বানানো মামলা দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো বন্ধ করতে হবে। গায়ের জোরে গুন্ডামি করে রাজনীতি হয় না, এটাই জুলাই গণ অভ্যূত্থানের শিক্ষা।

সংস্কার প্রস্তাবনা ও কমিশনের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, সবার সঙ্গে কথা বলেই সংস্কার প্রস্তাবগুলো করতে হবে। আপনারা প্রস্তাব দেবেন সবার আলোচনা, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব হবে। আপনি কমিশনের প্রধান নিজের মতো নিজে প্রস্তাব দেবেন তা হবে না। যেসব বিষয়ে ঐক্যমত হবে না তা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস নির্বাচন আয়োজন ও সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না জানিয়ে মান্না বলেন, আমরা বিশ্বাস করি; উনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। অন্যান্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না।

তবে সরকার সংস্কার প্রশ্নে যৌক্তিক সময় দিতে হবে জানিয়ে মান্না বলেন, এখন বলছি, যে সময়টা লাগবে তা দিতে হবে। আমরা কি জানতাম এতো বড় একটা অভুত্থান হবে? আমরা জানতাম, পুলিশ সংস্কার ছাড়া কিভাবে নির্বাচন করবেন? নির্বাচন কমিশন সংস্কার মানে কি? পুরো নির্বাচন ব্যবস্থারই সংস্কার। তাই এই সরকারকে সময় দিতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে।

এ সময় তিনি দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, জিনিসের দাম কমেনি। এখন কি সিন্ডিকেট আছে? সমন্বয়কেরাও এখন সরকারকে দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করছে। এখনও কেন কমছে না?

রাষ্ট্রপতি প্রসঙ্গে মান্না বলেন, প্রেসিডেন্ট আছে তার কাজ কি? প্রেসিডেন্ট এখন না থাকলে কি হয়? প্রধানমন্ত্রী যা বলবে তাই করবে। তাকে কিছু ক্ষমতা দেন।

যোগদান অনুষ্ঠানে বরিশাল, যশোর, পটুয়াখালীর বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কামরাঙ্গীরচর সহ ঢাকা মহানগরের বিভিন্ন রাজনৈতিক সংগঠক দলটি যোগ দিয়েছেন। যোগদান করা নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

যোগদান অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ