ভারতে পালানোর সময় যুগ্ম সচিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১২, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকা বাসিন্দা। তিনি সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়। ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে ২০৫০/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সালদানদী বিওপির টহল দল সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করেন।
তিনি আরো জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন কিবরিয়া।
সে জন্য ভারতের অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কসবা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জনতার আওয়াজ/আ আ