খুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য ড. ইউনূসকে সরকারে বসানো হয়েছে: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
খুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য ড. ইউনূসকে সরকারে বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
তিনি বলেন, আপনাকে সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিনিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগ এর সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনি’র ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সবাই বলে শহীদের রক্ত বৃথা যেতে দিবে না। মুগ্ধের রক্ত বৃথা যেতে দিবে না। তাদের মনের আশা পূরণ করার জন্যই আজকের এই অন্তবর্তী সরকার। কিন্তু সেই আশা কি পূরণ হচ্ছে? জনগণ কেন প্রশ্ন করবে, এখন চিনির দাম বাড়লো কেন। পেঁয়াজের দাম বাড়লো কেন। কাগজ যাওয়ার আগেই পুলিশ বাড়িতে গিয়ে গ্রেফতার করে আসামী। এগুলো জনগণ জানতে চায়। এগুলো শোনার জন্য আপনাকে (ড. ইউনূস) কখনো রক্ত দেয়নি এই গদিতে বসার জন্য। মুগ্ধরা এ জন্য রক্ত দেয়নি। আপনাকে সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিনিষ্ঠানগুলো ধ্বংস করেছে।,যারা মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগন এখন বলা শুরু করেছে সংস্কারের নামে কেন দেরি হচ্ছে। সংস্কারও চলবে, গ্রেফতারও চলবে এবং হাসিনাকে আনার ব্যবস্থাও করতে হবে। এখন মামলা হয়, আর আপনারা (অন্তবর্তীকালীন সরকার) বলেন তদন্ত করে দেখবো মামলা সঠিক কিনা। কোথায় হারুন, কোথায় বিপ্লব, কোথায় মেহেদী; যারা আমার অফিস তছনছ করে আমাদেরকে গ্রেফতার করেছে। এখন কেন তদন্ত করে ব্যবস্থা করা হবে! খুনীদেরকে কেন এখনো বিভিন্ন মিডিয়াতে বসতে দেওয়া হয়। কেন আবার শেখ মুজিবের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে কথা বলবে এই সুযোগ কেন আপনি দিবেন।
সভাপতির বক্তব্যে এনপিপি’র চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে বলেন, ড. ইউনূস অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো প্রত্যেকটা জায়গায় রয়েছে। এ সরকারের উচিত তাদেরকে বের করে দেয়া। দ্রব্য মূল্যের ক্রয় ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে। দ্রব্য মূল্যের দাম কমাতে হবে। এগুলো না করলে আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
আলোচনা সভায় এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ