যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২১, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সহ দেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র, জনগণ আপনাদের প্রতি সমর্থন আছে সেই সমর্থনকে অবজ্ঞা করবেন না।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব; যা সংস্কার করার দরকার, সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) উদ্যোগে নৃত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো এবং ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাজারের অবস্থা ভালো না। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তেমন ভালো না। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই উদ্যোগ, সেই কাজ আমরা লক্ষ্য করছি না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নানান দিক থেকে নানা কথা শোনা যাচ্ছে। আপনারা সংস্কার করুন। তবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার এর হাতে ক্ষমতা ছাড়ার ব্যবস্থা করতে হবে। বিএনপি সহ সকল রাজনৈতিক দল আপনাদের সমর্থন করছে। আপনাদের প্রতি দেশবাসীর সমর্থন আছে। আপনাদের প্রতি ছাত্রদের সমর্থন আছে। এই সমর্থনকে অকার্যকর করবেন না, অবজ্ঞা করবেন না।

বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের শ্রমিক, কৃষক, জনতা যদি না বাঁচে তাহলে সরকার থাকা আর না থাকা সমান কথা। সেইজন্যে যারা দেশের সাধারণ জনগণ ছাত্র-জনতা কে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

দুদু বলেন, যাদের হাতে বাংলাদেশ পড়েছিল। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হাতে। আমরা চোর উৎপাদনের হাতে পড়েছিলাম। শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসেবে ঘোষিত হয়েছে। তার সহ পরিবার মারা গেছে। অপশাসনের কি ভয়ংকর পরিণতি তা আমরা দেখেছি। তার দুটি কন্যা ছিল তারা এত বড় লুটেরা, খুনি যে ইতিহাসের ভয়ংকর অধ্যায় হিসেবে থাকবে। তারা লুকিয়ে থেকে, পালিয়ে গিয়ে রাজনীতির কথা বলে; তখন আমার মনে প্রশ্ন থাকে রাজনীতির অর্থটা কি?

তিনি বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন দিন তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। ১৯৭১ সালে জাতীয় বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে ছিলেন। আর যারা স্বাধীনতার কাণ্ডারী দাবি করে তারা হয় পাকিস্তানের জেলে ছিল আর বাকিরা পাকিস্তান সেনাবাহিনীর আরাম আয়েশে ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুটি মাসুম বাচ্চা নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর জেলে ছিলেন। আজ পর্যন্ত তিনি শত শত মামলা মাথায় নিয়ে আছেন। কিসের জন্য? দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের স্বাধীনতা সুরক্ষার জন্য। এই মানুষটা তার পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতা-গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকার এর জন্য। বেগম খালেদা জিয়া এদেশের নারীদের জন্য যা করেছেন পৃথিবীর আর কোন দেশে কেউ এরকম করেনি।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, এন ডি পি এর সভাপতি কারী আবু তাহের, জাগপা এর সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ