স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
স্কুলে ভর্তির কোটাও সংস্কার হলো এবার। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ভর্তির ৫ শতাংশ কোটা বাদ দেওয়া হয়েছে। আগামী বছর থেকে কোটায় আবেদন ও ভর্তি হতে পারবে না বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে কোটা পাবে।
গতকাল সোমবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা ভর্তি নীতিমালায় এ সংশোধনী আনা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহদোর ভাই-বোন ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে।
এতদিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য তা থাকবে না। এই আসনে মেধাতালিকা থেকে ভর্তি করতে হবে।
জনতার আওয়াজ/আ আ