দলের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে ছাড় দেওয়া হবেনা: নয়ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দলের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে ছাড় দেওয়া হবেনা বলে হুশিঁয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
রবিবার (০৩ নভেম্বর) দিনব্যাপী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট, সাদুল্ল্যাপুর উপজেলার শহীদ মিনার এলাকা এবং পলাশবাড়ী উপজেলার বন্দর এলাকা সহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
নয়ন বলেন, ‘২০১৪ সাল থেকে ২০২৪ সাল মানুষ ভোট দিতে পারেনি। তারা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে।
এখন অন্তবর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তারা (জনগণ) গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। জনগণ এখন ভোট দিতে চায়। তাই দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন, জনগণের ভোটেই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এসময় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু সহ গাইবান্ধা জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ