দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে এর দায় সংগঠন নিবে না: নয়ন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে এর দায় সংগঠন নিবে না: নয়ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে এর দায় সংগঠন নিবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপির কোনো অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) জামালপুর মেলান্দহ উপজেলায় মেলান্দহ বাজারে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আসে তখনি তারা গণতন্ত্র ও মানু‌ষের ভোটাধিকারকে হরণ করে। দেশের সম্পদ লুট করে বি‌দে‌শে পাচার ক‌রে। সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশ আমরা চাইনি। ইতিহাস থেকে শেখ হাসিনা এই শিক্ষা গ্রহণ করেনি বলেই তাকে আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে,পালাতে হয়েছে।

নয়ন বলেন, যারা জনগণের কল্যাণে কাজ না করে জনগণের বিপক্ষে দাঁড়াবে অথবা যাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি সাধন হবে, তাদের দলে কোনো স্থান হবে না। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না।

ছাত্র-জনতার অভ্যুত্থান, বিপ্লবের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে নয়ন বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। এসময় নেতাকর্মীদের আচরণ সংযত রাখার নির্দেশ দেন তিনি।

এসময় জামালপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ