বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো: মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাই নাই। যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে। রাস্তায় বসে থাকতে হয়। আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করবো। আমরা যে ৪২ টা দল মিলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি সেই ৪২ টা দলও আমাদের সাথে আছে।
রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সকল শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয় আমি সরকারের সাথে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সাথে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছে এই দাবির বিষয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষক জাতির বিবেক এদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। এরা চায় মন্ত্রণালয়ের থেকে কেউ এসে এদের সাথে কথা বলুক। এদের যা দাবি তা শুনুন আপনাদের কোন কথা থাকলে তাও বলুন। এদের ন্যায্য দাবি বিষয়ে পদক্ষেপ নেন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোন মান থাকে না। দেশের কোন মান থাকেনা। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নিবেন তত ভালো।
অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমরা বদলি প্রত্যাশী শিক্ষকগণ বহুদিন যাবত বদলি চালুর জন্য সরকারের নিকট আবেদন নিবেদন করে আসছি, কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষকদের মাঝে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শুধুমাত্র ‘এনটিআরসিএ’ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে যা চরম বৈষম্যমূলক। এই প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৬ সালের পূর্বে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষককে বদলির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা শিক্ষকদের মাঝে চরম বিভাজন ও হতাশা তৈরি করেছে। এমনকি বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বদলি সুযোগ বঞ্চিত এবং বদলি সুযোগ প্রাপ্ত শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি বিষবাক্য ছুড়ছেন, মনে হচ্ছে এ যেন একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে যা শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরুপ।
তারা বলেন, এমতাবস্থায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন পূর্বক এমপিওভুক্ত ইনডেক্সধারী সকল শিক্ষকের জন্য বদলি চালু করা প্রয়োজন যা শিক্ষা ব্যবস্থায় আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ রাশিদা আক্তার, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আতিকুল ইসলাম, আবু নাছের সুমন, শিশির কুমার নন্দী, তোফায়েল আহমেদ, আসিফ আলী, মশিউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী, বশির আহমেদ এবং অন্যান্য শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ