ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।
বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাঁধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এঘটনায় পুলিশের দুইটি মাইক্রোবাস ভাংচুর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এসময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ