আর কোনো ফ্যাসিবাদকে দেশে জায়গা দেবেন না’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
‘শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলাদেশের জনগণকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গা দেবেন না। সব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেন অব্যাহত থাকে।’
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে এসব কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আপিলের রায়ের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মাহমুদুর রহমান বলেন, এ মামলা যখন করা হয় তখন জেলে বন্দি ছিলাম। এ মামলার সঙ্গে কোনোরকম সংশ্লিষ্টতা নেই। আমি ২০০৫ সালের পর আমি আমেরিকা যাইনি। অথচ এ মামলার সময় দেখানো হচ্ছে ২০১২ সালে। এসময় আমি পত্রিকা অফিসে বন্দি ছিলাম। পত্রিকা অফিস পুলিশ, র্যাব ঘিরে রেখেছিল। এটাতে প্রমাণিত হয় একটা রাষ্ট্র কতটা নির্মম হতে পারে মিডিয়ার কণ্ঠরোধ করতে।
তিনি বলেন, এই মামলাটি হয়েছিল শেখ হাসিনার পুত্র নিয়ে। এমন শতাধিক মামলা আমার বিরুদ্ধে আছে। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে নিয়ে ৩৬টি মামলা রয়েছে। এরকম একটি মামলাতেই আমার ওপর হামলা করা হয়েছিল৷ আমি আল্লাহ রহমতে জীবিত আসতে পেরেছি। তবে ধরে নিচ্ছি এই যে লড়াই, যতদিন জীবিত আছি এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের সঙ্গে আমার দেশের যে লড়াই, সম্পাদক হিসেবে আমার যে লড়াই সেটা অব্যাহত থাকবে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে প্রথম দিন থেকে প্রতিবাদ করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যদি প্রথম দিন থেকে প্রতিবাদ করতাম, তাহলে ১৫ বছর ধরে ফ্যাসিবাদ সরকার দ্বারা এতো জুলুম, ঘুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতো না। এভাবে রাষ্ট্রের স্বাধীনতা ও দিল্লির কাছে বিসর্জন দেওয়া হতো না। জনগণের কাছে আমার আহ্বান, আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গা দেবেন না। সব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেন অব্যাহত থাকে।
ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, রায়ে আমি ন্যায় বিচার পাবো। কারণ ফ্যাসিবাদের পতন ও বিচার বিভাগ স্বাধীন হয়েছে। ইতঃপূর্বে ফ্যাসিবাদের উত্থানের পক্ষে বিচার বিভাগের ভূমিকা রয়েছে। এটা বারে বারে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বিচার বিভাগের সহযোগিতায় ফ্যাসিবাদের উত্থান ঠেকানো গেছে। আমি আশাবাদী, আদালতের কাছে ন্যায় বিচার পাবো।
উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ দিন কারাভোগের পর ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
জনতার আওয়াজ/আ আ