দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদের পতন চেয়েছি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নি। অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচনের জন্য যা কিছু সংস্কারের প্রয়োজন তা সম্পূর্ণ করে নির্বাচনটা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় তাতো লাগবেই। কিন্তু আমরা মনে করি না প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে বেশি সময় লাগবে। সেটা আমরা মনে করি না।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ধারাবাহিকভাবে দেশের রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করছি। আজকে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছি। এ দলটি চার দলীয় জোটের অংশ ছিল। বহু বছর আমরা একসঙ্গে কাজ করেছি। স্বৈরাচার বা ফ্যাসিবাদী আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন। সাম্প্রতিক আন্দোলন তারা যুক্ত ছিলেন।
তিনি বলেন, আমাদের মধ্যে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। যে বিষয়গুলোতে আমাদের মধ্যে মতের কোন তফাৎ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা মনে করি দেশের গণতান্ত্রিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে তাতে দ্বিমতের মতের কোন কারণ নেই। যুগপৎ আন্দোলন শুধু সরকার বিরোধী আন্দোলন এমন নয়। যুগপৎ আন্দোলন যেকোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এক সঙ্গে করতে পারি।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, নির্বাহী সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা শেখ মজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, জামাল নাসের চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, সহকারী মহাসচিব মাওলানা রশিদ বীন ওয়াক্কাস ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে ১২ দলীয় জোট নেতাদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, শাহদাত হোসেন সেলিম, নুরুল আমিন বেপারী, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আব্দুর করিম এবং আবুল কাশেম উপস্থিত রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ