বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা আমাদের ভাই, আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশী। আমরা সবাই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে; আমরাও তাদের পাশে থেকে কাজ করব। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যে বাংলাদেশের জন্য এ দেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে। সেই মানুষগুলোর শহীদী যে রক্ত, সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। কারণ সেই শহীদী রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রীতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এ দেশের জনগণ জানে, বিএনপি এ ধরনের অপকর্মে কখনো জড়িত ছিল না। গত ৫ আগস্টের পরে এটা প্রমাণিত যে, গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপরে যে মামলা, হামলা ও নির্যাতন করা হয়েছে, এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ