ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক আইডির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আপলোড করা ওই পোস্টে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে।

তাতে প্রশ্ন উঠেছে, কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কীভাবে পেলেন সাবেক মন্ত্রী? নাকি তার ভেরিফায়েড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে? এ নিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সেদিন রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

এতে বলা হয়, সোমবার Faruk Khan নামের একটি ফেসবুক আইডির এক পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই পোস্ট কারাগারে থাকা সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কারাগারে থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয়।

আরও পড়ুন>> জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন সাবেক মন্ত্রী ফারুক খান!

বিবৃতিতে আরও বলা হয়, তবে Faruk Khan নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কি না, সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, গতকাল সোমবার কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডি (Faruk Khan) থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে পরে।

ভাইরাল ওই পোস্টে বলা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

গত বছরের ১৫ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর বর্তমানে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ